আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে মঙ্গলবার থেকে আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ভারতের শিক্ষার্থীভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজিপি)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সম্মানের খাতিরে দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত করেছিল সংগঠনটি। তবে সিজিপির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে সমঝোতা হয়েছিল, সরকার তা লঙ্ঘন করেছে।
সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, বিহার ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের আটক, শিক্ষার্থীদের হয়রানি ও নতুন করে মামলা দায়েরের ঘটনাও ঘটছে।
সিজিপি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং নতুন করে কোনো মামলা না করার লিখিত নিশ্চয়তা চেয়েছে। দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সূত্র: এনডিটিভি।




Comments