Image description

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, দেশব্যাপী ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।

তবে হবিগঞ্জে সংঘটিত হামলার ঘটনার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে মো. আরিফুল ইসলাম বলেন, হবিগঞ্জের পরিস্থিতির কারণে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যাচ্ছেন। এ কারণে মানিকগঞ্জের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, কর্মসূচির নতুন তারিখ ও সময় পরে নির্ধারণ করে সবাইকে জানিয়ে দেওয়া হবে।