হলিউড তারকা টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র মেয়ে সুরি ক্রুজ আনুষ্ঠানিকভাবে নিজের নাম থেকে বাবার পদবি ‘ক্রুজ’ বাদ দিয়েছেন। এখন থেকে সরকারি নথিতে তার নাম ‘সুরি নোয়েল’ হিসেবে ব্যবহার করা হবে।
আন্তর্জাতিক বিনোদনমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮ বছর বয়সী সুরি ভোটার নিবন্ধনের সময় নিজের নাম ‘সুরি নোয়েল’ হিসেবে নিবন্ধন করেছেন। ‘নোয়েল’ হলো তার মা কেটি হোমসের মধ্যনাম।
এর আগে ২০২৪ সালে নিউইয়র্কের লা গার্ডিয়া হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করার সময়ও সনদপত্রে ‘সুরি নোয়েল’ নাম ব্যবহার করেছিলেন তিনি। তবে এবার প্রথমবারের মতো সরকারি নথিতেও সেই নাম অন্তর্ভুক্ত হলো।
সুরি কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ধারণা, ২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের পর বাবার সঙ্গে দীর্ঘদিনের দূরত্বই এই সিদ্ধান্তের অন্যতম কারণ হতে পারে।
টম ক্রুজ ও কেটি হোমস ২০০৫ সালে সম্পর্কে জড়ান এবং ২০০৬ সালে ইতালিতে বিয়ে করেন। একই বছর জন্ম হয় সুরির। তবে পাঁচ বছরের দাম্পত্যের পর ২০১২ সালে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর থেকেই মায়ের কাছেই বড় হয়েছেন সুরি।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত প্রায় ১৪ বছরে টম ক্রুজের সঙ্গে সুরির সরাসরি যোগাযোগ খুবই সীমিত ছিল। ২০২৪ সালে সুরির হাই স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে টম ক্রুজের অনুপস্থিতি বিষয়টি আবারও আলোচনায় আসে। ওই সময় তিনি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ কনসার্টে উপস্থিত ছিলেন।
তবে সুরির নাম পরিবর্তনের বিষয়ে টম ক্রুজ, কেটি হোমস কিংবা সুরি—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে এই সিদ্ধান্তের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।




Comments