প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক স্টোন’ (কালো পাথর) রপ্তানি করেছে আফগানিস্তান। তালেবান শাসিত দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের জিন্দাজান খনি থেকে উত্তোলিত এই খনিজ পাথর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হেরাত গভর্নরের গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জিন্দাজান খনি থেকে উত্তোলিত কালো পাথরের প্রথম চালানটি হেরাত চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা হয়েছে। এই চালানের মূল্য প্রায় এক লাখ মার্কিন ডলার।
হেরাত গভর্নরের কার্যালয়ের মতে, এটি আফগানিস্তানের খনিজ রপ্তানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে এবং নতুন রপ্তানি বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সমৃদ্ধ খনিজ সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং শিল্প সম্ভাবনার কারণে হেরাত আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গতি আনার পরিকল্পনা রয়েছে।
Comments