ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১
ঢাকার ধামরাইয়ে ১০ চাকার ঘাতক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই ইউনিয়নের শরীফবাগ ব্রিজের উত্তর পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের মো. রুবেল হোসেনের ছেলে রনি (১৩) এবং একই গ্রামের মোহাম্মদ আলী ওরফে ব্রিটিশের ছেলে মো. মাইন (১৬)। এ ঘটনায় গুরুতর আহত বারিল্লা গ্রামের মো. আতাউল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নবীনগর থেকে ছেড়ে আসা কালিয়াকৈরগামী একটি দ্রুতগামী ১০ চাকার ট্রাক শরীফবাগ ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রনি মারা যায়। স্থানীয়রা বাকি দুইজনকে উদ্ধার করে ধামরাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাইন নামের আরেক কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত আতাউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নান্নু মন্ডল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে ধামরাই সরকারি হাসপাতালে গিয়ে জানা যায়, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে গেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments