টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায় রেললাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন মোরশেদ আলম (২৫) নামের এক যুবক। চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার দুই পা এবং এক হাতের কবজি পর্যন্ত অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দোহাজারী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ আলম পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিমায় টিকটক ভিডিও তৈরি করছিলেন মোরশেদ। এ সময় পেছন দিক থেকে একটি পিডিবির শান্টিং ট্রেন (ইঞ্জিন) আসছিল। ট্রেনের ইঞ্জিনটি পেছনের দিকে থাকায় চালক বিপদ অনুভব করে বারবার হর্ন ও সাইরেন বাজালেও ভিডিওতে মগ্ন থাকায় মোরশেদ তা খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনটি একেবারে কাছে চলে আসলেও তিনি লাইন থেকে সরতে পারেননি। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দুই পা ও হাতের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ এবং দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) জানান, মূলত চরম অসাবধানতা ও ঝুঁকিপূর্ণভাবে রেললাইনে দাঁড়িয়ে ভিডিও তৈরির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও চিকিৎসকরা এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে বিরত থাকার জন্য কঠোরভাবে আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments