ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমান যুদ্ধাবস্থায় নিরাপত্তার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। উদ্ভূত বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য কঠোর আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস সবসময় নিজের সঙ্গে রাখতে পরামর্শ দিয়েছে দূতাবাস। এর মধ্যে রয়েছে— নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবার।
দূতাবাস আরও উল্লেখ করেছে, কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের দেওয়া সকল বিবৃতি ও নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে, যুদ্ধ বা নিরাপত্তা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, টিকটক ইত্যাদি) আপলোড করা কাতারি আইনের পরিপন্থি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন ও যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইল ([email protected])-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। দূতাবাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments