মালয়েশিয়ার কিলানতান রাজ্যে একটি সড়ক দুর্ঘটনার পর ৯ বাংলাদেশি নাগরিকসহ মোট ১০ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে কিলানতানের তুমপাত জেলায় এই ঘটনা ঘটে। আটক বাংলাদেশিরা দেশটিতে অবস্থানের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি।
মালয় মেইলের প্রতিবেদন অনুযায়ী, জেনারেল অপারেশন ফোর্সের (জিওএফ) টহলরত সদস্যরা একটি সন্দেহভাজন হলুদ রঙের গাড়িকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। জিওএফের দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাদজি হুসাইন জানান, পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে প্রথমে অন্য একটি গাড়িকে এবং পরে একটি বসতবাড়িতে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ৯ বাংলাদেশি এবং স্থানীয় চালককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেছেন যে, তিনি সীমান্ত এলাকা থেকে অবৈধ অভিবাসীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে তুলেছিলেন। আটক বাংলাদেশিদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি মানবপাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তাদের জিওএফ কার্যালয়ে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সূত্র: মালয় মেইল
মানবকণ্ঠ/আরআই




Comments