কাতারে দীর্ঘদিন ব্যবসা করে প্রায় ৭০০ কোটি টাকা নিয়ে দেশে ফিরে এসেছেন এক বাংলাদেশি ব্যবসায়ী-এমন অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ইকবাল তামজু মিয়া ওরফে নাজিম মোল্লা। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার বাসিন্দা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর তিনি কাতার থেকে বাংলাদেশে ফিরে আসেন। এরপর থেকেই তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সেখানে থাকা বিভিন্ন ব্যবসায়ী ও কোম্পানি।
অভিযোগে বলা হয়েছে, কাতারে তার মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি চট্টগ্রামের কসমোপলিটন আবাসিক এলাকায় তার বাসায় গিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি।
পাওনাদার ব্যবসায়ীরা কাতারে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কেউ কেউ কাতারের আদালতেও মামলা করেছেন।
বিভিন্ন ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী, তার কাছে মোট প্রায় ৭০০ কোটি টাকার বকেয়া আটকে আছে। শুধু কয়েকটি প্রতিষ্ঠানেরই রয়েছে কোটি কোটি টাকার পাওনা। স্যুভেনিয়র ট্রেডিং লিমিটেডের প্রায় ১৪ কোটি টাকার বেশি পাওনা, অন্যান্য ব্যবসায়ীদেরও রয়েছে কোটি কোটি টাকার বকেয়া। এছাড়া বাংলাদেশ থেকে পাঠানো সবজি ও অন্যান্য পণ্যের অর্থও পরিশোধ হয়নি বলে অভিযোগ রয়েছে।
কাতারে তার ব্যবসার সঙ্গে যুক্ত বহু কর্মী ও ব্যবসায়ী এখন অনিশ্চয়তায় পড়েছেন। তাদের ভিসা ও কর্মসংস্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এতে প্রবাসে বাংলাদেশের ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। এরপর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদরদপ্তরে পাঠানো হলেও এখনো মাঠপর্যায়ে কোনো কার্যকর নির্দেশনা পৌঁছায়নি বলে জানা গেছে। এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যবসায়ীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




Comments