Image description

পবিত্র হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ (SV-5806) ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঢাকায় পৌঁছানোর পর হাজিদের স্বাগত জানান ধর্ম মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বরাবরের মতো প্রত্যেক হাজিকে ৫ লিটার করে পবিত্র জমজমের পানি উপহার দেওয়া হয়।

হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আজ প্রথম দিনেই মোট ১৩টি বিশেষ ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। হাজিদের ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহসহ আনুষঙ্গিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, এ বছর গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজের প্রথম ফ্লাইটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। দীর্ঘ এক মাসেরও বেশি সময় সৌদি আরবে অবস্থানের পর হজের মূল আনুষ্ঠানিকতা শেষে এখন পর্যায়ক্রমে সব হাজি দেশে ফিরবেন।

মানবকণ্ঠ/আরআই