সংসদে বিল উত্থাপনে প্রতিমন্ত্রীর হোঁচট, নুরের পাশে দাঁড়িয়ে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার বার ভাষাগত জটিলতায় পড়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে প্রতিমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর সাবেক রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমানে বিএনপি কর্মী রাশেদ খাঁন।
অধিবেশন চলাকালে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল-২০২৬’ উত্থাপন করছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তবে বিলটির নির্ধারিত বয়ান পাঠ করতে গিয়ে তিনি বার বার হোঁচট খান এবং বাক্যের সামঞ্জস্য রক্ষা করতে পারছিলেন না। এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাঁকে সংশোধন করে দিয়ে পুনরায় পড়ার সুযোগ করে দেন। কয়েক দফা চেষ্টার পর শেষ পর্যন্ত বিলটি সংসদে পাস হয়।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি একে দাপ্তরিক ভুল হিসেবে উল্লেখ করে নুরের পক্ষ নেন। রাশেদ খাঁন লেখেন, "প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বিল উত্থাপন নিয়ে যে ভুলটি দেখা গেছে, আসলে ওই লেখাটিতেই ত্রুটি ছিল। বাক্য গঠন ঠিক না থাকায় তিনি পড়তে গিয়ে আটকে যাচ্ছিলেন। সাধারণত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজেরা বিল লেখেন না, সংশ্লিষ্ট দপ্তর থেকে এটি প্রস্তুত করে দেওয়া হয়। হয়তো সময়ের অভাবে তিনি আগে থেকে বিষয়টি দেখে নিতে পারেননি।"
রাশেদ খাঁন আরও বলেন, "সংসদে তিনি নতুন এবং বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অন্যতম তরুণ। আশা করি, তিনি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে আরও ভালো করবেন।" পোস্টের শেষে তিনি প্রতিমন্ত্রীর জন্য শুভকামনাও জানান।
সংসদীয় কার্যক্রমের এমন দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনা চললেও তরুণ এই প্রতিমন্ত্রীর শেখার আগ্রহ এবং স্পিকারের সহযোগিতা সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments