জামায়াতে ইসলামীর এমপি মাওলানা আমির হামজার বিরুদ্ধে তাকে ‘হত্যাযোগ্য’ করে তোলার উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই গুরুতর অভিযোগ ও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, আমির হামজা তাকে টার্গেট করে ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছেন, যা তাকে হত্যার উস্কানি দেওয়ার শামিল। তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে আমির হামজা ওয়াজ মাহফিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের পক্ষে সাফাই গেয়েছিলেন। রাশেদ খানের দাবি, টকশোতে আমির হামজার সেই সব পুরনো ‘ফ্যাসিবাদ তোষণকারী’ কর্মকাণ্ড তুলে ধরার কারণেই হামজা তার ওপর ক্ষিপ্ত হয়েছেন।
রাশেদ খান তার স্ট্যাটাসে আরও বলেন, “রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য হুমকি। আমি আশঙ্কা করছি, তার এই বক্তব্যের পর উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার ওপর ‘মব’ করতে পারে। আমার কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজাকেই নিতে হবে।”
উল্লেখ্য, মুহাম্মদ রাশেদ খান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। তিনি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর তিনি সেই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। ২০২৬ সালের সাধারণ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
বর্তমানে আমির হামজার এমন বক্তব্যে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments