Image description

চলতি আম মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও চাষিদের লেনদেনের সুবিধার্থে রাজশাহী বিভাগের চার জেলায় ব্যাংক খোলার বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (২৭ জুন) থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত আমবাজার সংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখাগুলো প্রতি শনিবার খোলা থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহত্তর রাজশাহী অঞ্চলের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) এবং নওগাঁ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা) জেলার বিভিন্ন স্থানে আমের বড় বাজার গড়ে উঠেছে।

এসব বাজারে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। ব্যবসায়ীদের নগদ অর্থ জমা, উত্তোলন এবং অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এই বিশেষ সেবা প্রদান করতে হবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে আমের মৌসুমে প্রান্তিক চাষি ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ঝুঁকি থেকে রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর