Image description

পোশাক শ্রমিক হত্যা মামলায় অভিযুক্ত করায় বিগত সরকারদলীয় সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানেকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে দেশে ফিরিয়ে আনতে শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুপুরে শুরু হওয়া সভা শেষ হয় সন্ধ্যায়।

শনিবার (২৪ আগস্ট) বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। হত্যা মামলার আসামি সাকিবকে নিয়ে পাঠানো আইনি নোটিশের বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই সিদ্ধান্তটা নেওয়া হতে পারে ইঙ্গিত দিয়ে ফারুক আহমেদ বলেন, এফআইআর যখন হয়, তাঁর বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব। 

পরে তিনি এ কথাও বলেন, সাকিবের এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না। 

সভা শেষে বন্যাদুর্গতদের সাহায্যার্থে বিসিবির পক্ষ থেকে এক কোটি টাকা এবং তিন হাজার খাবারের প্যাকেট দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ফারুক আহমেদ। 

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করা হয়। নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটিতে ২৮ নম্বর আসামি করা হয়েছে সাকিবকে। 

মামলার এজাহারে বলা হয়, তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া রুবেলকে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান। 

উল্লেখ্য, সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন।


মানবকণ্ঠ/এফআই