Image description

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের প্রথম দফায় দল না পেলেও শেষ পর্যন্ত পুরোনো ঠিকানায় ফিরছেন তরুণ পেসার নাহিদ রানা। দ্বিতীয় দফার ড্রাফটে তাকে ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

একই দামে দল পেয়েছেন টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনও। তাকে কিনে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ইমনের জন্য এটি দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।

নিলামের শুরুতে নাহিদ ও ইমনের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ২০ লাখ রুপি। প্রথম দফায় কোনো দল আগ্রহ না দেখানোয় দ্বিতীয় দফায় তাদের মূল্য নেমে আসে ৬০ লাখ রুপিতে। শেষ পর্যন্ত একটি করে ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখানোয় ভিত্তিমূল্যেই বিক্রি হন দুজন।

এবারের আসরে আরও দুই বাংলাদেশি নিশ্চিত করেছেন দল। ৩ কোটি রুপিতে রিশাদ হোসেনকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আর মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে প্রায় সাড়ে ৬ কোটি রুপিতে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

বাংলাদেশ সময় বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া নিলামে দেশি-বিদেশি মিলিয়ে ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৫৩ জন। তবে নিলামে অবিক্রিত থেকে গেছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজসহ কয়েকজন পরিচিত ক্রিকেটার।

মানবকণ্ঠ/আরআই