Image description

ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবার ক্রিকেট বিশ্বকাপেও নিজেদের আগমনী বার্তা জোরালোভাবেই জানিয়ে দিল। প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ ‘সি’-এর ম্যাচে নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের ব্যাটিং লাইনআপকে চাপে রাখে তারা। ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৯৩ রান তুলে ভালো অবস্থানে ছিল নেপাল। তবে লেগ স্পিনার ক্রিশান কালুগামাগে দীপেন্দ্র সিং আইরিকে বোল্ড করার পর ধস নামে। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানেই অলআউট হয় নেপাল।

নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। অধিনায়ক রোহিত পাউডেল করেন ২৩ রান, আসিফ শেখ ২০ রান। শেষদিকে করণ কেসির ১১ বলে অপরাজিত ১৮ রান দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে পারেনি।

ইতালির বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ক্রিশান কালুগামাগে। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বেন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। আলি হাসান, জে জে স্মাটস ও জাসপ্রীত সিং নেন একটি করে উইকেট।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইতালি। ওপেনার জাস্টিন মস্কা ও অ্যান্থনি মস্কা নেপালের বোলারদের কোনো সুযোগই দেননি। পাওয়ারপ্লেতে ওঠে ৬৮ রান।

জাস্টিন মস্কা ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। অন্যপ্রান্তে অ্যান্থনি মস্কা ৩২ বলে ৩ চার ও ৬ ছক্কায় খেলেন ৬২ রানের ঝড়ো ইনিংস। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে ১২.৪ ওভারেই জয় নিশ্চিত করে ইতালি।

নেপালের কোনো বোলারই উইকেট নিতে পারেননি। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে ইতালি স্পষ্ট বার্তা দিল তারা কেবল অংশ নিতে নয়, জিততেও এসেছে।

মানবকণ্ঠ/আরআই