দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন ক্রিকেটাররা। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষণা অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের সবকটি ম্যাচ মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সিরিজের সময়সূচি:
প্রথম ওয়ানডে: ১১ মার্চ
দ্বিতীয় ওয়ানডে: ১৩ মার্চ
তৃতীয় ওয়ানডে: ১৫ মার্চ
সবগুলো ম্যাচই দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।
বিসিবি জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজের পর, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলে এপ্রিল মাসে আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।
পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাইয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। তার আগের পাকিস্তান সফরে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে ঘরের মাঠে এবার পাকিস্তানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখাতে মরিয়া টিম টাইগার্স।
মানবকণ্ঠ/ডিআর




Comments