পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের তোপে মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। এমন সংকটময় মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হওয়ায় আপাতত খেলা বন্ধ রয়েছে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান। ক্রিজে আছেন লিটন দাস (১১*) ও তাওহীদ হৃদয় (০*)।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর করা শেষ বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান (১)। পরের ওভারের প্রথম বলেই মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের শিকার হন আরেক ওপেনার সাইফ হাসান (১২)।
বিপর্যয় আরও ঘনীভূত হয় যখন নাজমুল হোসেন শান্ত উইকেটে এসে টিকতে পারেননি। আফ্রিদির করা পরের ওভারের স্টাম্প বরাবর ডেলিভারিতে লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার (০)। মাত্র ১০ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে স্বাগতিক দল। এরপর লিটন ও হৃদয় মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, তখনই শুরু হয় বৃষ্টির বাগড়া।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহানের উদ্বোধনী জুটিতে ১০৩ রান এলেও শেষ দিকে মিরাজ ও রিশাদের ঘূর্ণিতে পথ হারায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি এবং মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট শিকার করেন।
এখন দেখার বিষয় বৃষ্টি থামার পর লক্ষ্যমাত্রা বা ওভারের কোনো পরিবর্তন আসে কি না। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে আজই সিরিজ নিশ্চিত করার হাতছানি।
মানবকণ্ঠ/ডিআর




Comments