Image description

নিউক্যাসলের বিপক্ষে প্রথম লেগের ড্রয়ের পর ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রীতিমতো গোল উৎসব করল বার্সেলোনা। হ্যান্স ফ্লিকের শিষ্যরা ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দুই লেগ মিলিয়ে ৮-৩ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করল কাতালানরা।

বুধবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও রবার্ট লেভান্ডফস্কি। এছাড়া একটি করে গোল পান মার্ক বার্নাল, লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। নিউক্যাসলের হয়ে দুটি গোলই শোধ করেন অ্যান্থনি ইলাঙ্গা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নিউক্যাসলকে চেপে ধরে বার্সা। ৬ষ্ঠ মিনিটে রাফিনিয়ার গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে ১৫ মিনিটে ইলাঙ্গার গোলে সমতায় ফেরে নিউক্যাসল। এর দুই মিনিট পরই মার্ক বার্নালের ভলিতে আবারও এগিয়ে যায় বার্সা। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও ম্যাচ সমতায় (২-২) ফেরান ইলাঙ্গা। প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামাল পেনাল্টি থেকে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিউক্যাসলকে কোনো সুযোগই দেয়নি বার্সা। ৫১ মিনিটে ফারমিন লোপেজ ব্যবধান ৪-২ করেন। এরপর শুরু হয় লেভান্ডফস্কি ম্যাজিক। ৫৬ ও ৬০ মিনিটে ব্যাক টু ব্যাক দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন এই পোলিশ স্ট্রাইকার। এই জোড়া গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নিজের গোলসংখ্যা ১০৯-এ নিয়ে গেলেন তিনি। ম্যাচের ৭২ মিনিটে নিউক্যাসলের রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা মোট ১৯টি শট নেয়, যার মধ্যে ১৩টিই ছিল লক্ষ্যভেদী। অন্যদিকে নিউক্যাসল ৯টি শট নিলেও বার্সার বিধ্বংসী আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের রক্ষণভাগ। এই দাপুটে জয়ে শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল ফ্লিকের বার্সেলোনা।

মানবকণ্ঠ/আরআই