২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইরানের ম্যাচ আয়োজন ইস্যু। যুক্তরাষ্ট্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে মেক্সিকো ঘোষণা দিয়েছে, প্রয়োজন হলে তারা গ্রুপ ‘জি’-তে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত।
গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। সূচি অনুযায়ী, ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইরান।
এরপর একই শহরে বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে হওয়ার কথা।
তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ইরানের জন্য যুক্তরাষ্ট্র নিরাপদ নাও হতে পারে, বিষয়টিকে আরো জটিল করে তুলেছে। তার এই বক্তব্য ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।
এই প্রেক্ষাপটে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম জানিয়েছেন, যদি নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে তারা ইরানের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে প্রস্তুত।
এদিকে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ স্পষ্ট করে দিয়েছেন, কোনো অবস্থাতেই তারা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে না। তিনি বলেন, ‘আমরা যোগ্যতা অর্জন করেছি এবং এই আসরে অংশ নেওয়া আমাদের অধিকার। প্রয়োজনে আমরা মেক্সিকোতে ম্যাচ খেলতে প্রস্তুত।’




Comments