নতুন বিতর্কে ইতালি; বিশ্বকাপ নিশ্চিতের আগেই বোনাস দাবি করেছিল ফুটবলাররা
টানা তিনটি বিশ্বকাপে খারাপ ফলাফলের পর ইতালির ফুটবল এখন এক নতুন বিতর্কে জর্জরিত। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই দুর্দশার মধ্যে দেশটির ফুটবলাররা তাদের বোনাস সংক্রান্ত দাবি নিয়ে আলোচনায় এসেছেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার আগেই জিয়ালুইজি দোন্নারুম্মার দল তাদের বোনাস পাওয়ার চেষ্টা চালাচ্ছিল।
ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকা’ এর প্রতিবেদন, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ প্লে-অফ ফাইনালের আগে ইতালির খেলোয়াড়রা বড় অঙ্কের বোনাস চেয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী দলগতভাবে ভাগ করে নেওয়ার জন্য তারা মোট ৩ লাখ ইউরো বোনাস দাবি করেন—যা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারলে প্রতি খেলোয়াড়ের জন্য প্রায় ১০ হাজার ইউরো করে দাঁড়াত।
ইতালির সদ্য সাবেক কোচ জেনেরো গাত্তুসো নাকি শুরুতেই এই বোনাস আলোচনা বন্ধ করে দেন। খেলোয়াড়দের তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দেন—পুরস্কার ফলাফলের মাধ্যমেই অর্জন করতে হয়। মাঠে তার বিখ্যাত ‘গ্রিন্তা’ মানসিকতার মতোই এই গুরুত্বপূর্ণ সময়ে দলের মনোযোগের ঘাটতি দেখে তিনি ভীষণ হতাশ ছিলেন।
লা রিপাবলিকা তাদের প্রতিবেদনে লিখেছে, ‘এই দুঃখজনক পরিণতি রিনোর কথাকেই সঠিক প্রমাণ করেছে, আর এটাও দেখিয়ে দেয়—কিছু ইতালিয়ান খেলোয়াড় কেমন মানসিকতা নিয়ে সেই ম্যাচে নেমেছিল, যে ম্যাচ ইতালিকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে পারত।’
ব্যর্থতার পর ইতালির ফুটবলে রীতিমতো পদত্যাগের হিড়িক নামে। ফুটবলপ্রধান থেকে শুরু করে ফেডারেশনের কর্মকর্তা এবং সবশেষ কোচও সরে দাড়ান। পেনাল্টি শুটআউটে ইতালির স্বপ্নভঙ্গের পর দলটির সিনিয়র খেলোয়াড়রা নাকি কোচকে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে গাত্তুসো নিজের নীতিতে অটল থাকেন। প্রত্যাশা পূরণে এমন ব্যর্থতার পর তিনি দায়িত্বে আর না থাকার সিদ্ধান্ত জানান দলকে।
ইতালির ফুটবল কাঠামো এখন কার্যত ভেঙে পড়েছে। টানা তৃতীয়বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ধাক্কা সামলে নতুন করে গড়ে ওঠার চ্যালেঞ্জ সামনে। এরই মধ্যে বোনাস দাবির খবর পরিস্থিতিকে আরও জটিল করেছে। সমালোচকদের মতে, বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তাড়নার অভাব এই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে।
এখন ইতালির সামনে একটাই পথ—দলের সংস্কৃতি ও নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা, যাতে ভবিষ্যতে এমন ‘ঐতিহাসিক’ লজ্জার স্বাক্ষী হতে না হয়। ‘আজ্জরিদের’ পরবর্তী লক্ষ্য এখন ইউয়েফা নেশন্স লিগ। এই প্রতিযোগিতায় একেবারে নতুন কোচিং স্টাফ ও পুনর্গঠিত দল নিয়েই মাঠে নামতে হবে তাদের।




Comments