ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী ‘তাকওয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল। এসময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় আহত ৫ যাত্রীর মধ্যে দুজনকে কোনাবাড়ী পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments