চ্যাম্পিয়ন্স লিগে দুই ইউরোপীয় পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ মহারণের আগে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন বায়ার্ন ও জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস। স্পেনের সফলতম ক্লাবটির আচরণ এবং দলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়রের কড়া সমালোচনা করেছেন সাবেক এই বিশ্বসেরা ফুটবলার।
ম্যাথাউসের মতে, সাম্প্রতিক সময়ে মাঠে ও মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। একটি জার্মান টেলিভিশন অনুষ্ঠানে তিনি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের আচরণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ভিনিসিয়ুস অবশ্যই দারুণ খেলোয়াড়, কিন্তু সে প্রায়ই প্রতিপক্ষকে উসকে দেয়। এরপর কেউ শক্ত ট্যাকল করলে সে অভিযোগ করে আর কাঁদে—এটি তার স্বভাবের মতো হয়ে গেছে।’
শুধু খেলোয়াড় নয়, ক্লাব হিসেবে রিয়ালের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়েও অসন্তুষ্ট এই কিংবদন্তি। বিশেষ করে ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করা নিয়ে তিনি বলেন, ‘রদ্রি সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর রিয়াল দাবি করল এটি ন্যায়সংগত নয়। তাই তারা অনুষ্ঠানে গেল না। এটি করা একদমই ঠিক হয়নি। প্রতিপক্ষ, অন্যান্য খেলোয়াড় ও ফুটবলের প্রতি সম্মান দেখানো উচিত ছিল।’ ম্যাথাউস মনে করেন, এ ধরনের আচরণে রিয়ালের মতো ঐতিহাসিক ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াইয়ে আজ রাতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল। তবে এই ম্যাচে বর্তমান ফর্ম বিবেচনায় বায়ার্নকেই এগিয়ে রাখছেন ম্যাথাউস। তার মতে, রিয়ালের আগের সেই ধার এখন আর চোখে পড়ে না।
ম্যাথাউস আরও যোগ করেন, ‘রিয়ালে কোচ পরিবর্তনের প্রভাব স্পষ্ট। এছাড়া দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে দীর্ঘদিন ধরে ছন্দে নেই। অন্যদিকে ভিনিসিয়ুসকে ঘিরেও নানা বিতর্ক চলছে। এসব বিষয় বায়ার্নকে বাড়তি সুবিধা দেবে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments