Image description

ঘানার ফুটবলে নেমে এসেছে শোকের কালো ছায়া। দেশটির প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে ফেরার পথে সশস্ত্র ডাকাতের হামলায় প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী উদীয়মান উইঙ্গার ডমিনিক ফ্রিম্পং। গত রোববার (১২ এপ্রিল) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গেছে, বেরেকুম চেলসি ক্লাবের খেলোয়াড়রা সামারটেক্সের বিপক্ষে একটি ম্যাচ খেলে নিজেদের গন্তব্যে ফিরছিলেন। পথে একদল সশস্ত্র ডাকাত তাদের বাসের ওপর অতর্কিত হামলা চালায়। বিপদ আঁচ করতে পেরে চালক যখন বাসটি দ্রুত নিরাপদ দিকে ঘোরানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই হামলাকারীরা বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

দুর্ভাগ্যবশত, একটি গুলি তরুণ উইঙ্গার ডমিনিক ফ্রিম্পংয়ের মাথায় গিয়ে লাগে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দলের অন্য সদস্যরা প্রাণে বেঁচে গেলেও ফ্রিম্পংয়ের মৃত্যুতে পুরো দলে শোকের স্তব্ধতা নেমে এসেছে।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, "ডমিনিক ফ্রিম্পংয়ের এই অকাল মৃত্যু ঘানার ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার পরিবার এবং ক্লাবের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।"

উদীয়মান এই প্রতিভার এমন করুণ মৃত্যুতে ঘানার ফুটবল অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থক ও সতীর্থরা শোক প্রকাশ করছেন। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

মানবকণ্ঠ/আরআই