Image description

লক্ষ্মীপুরে নাছির আহমদ (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিজের কলেজপড়ুয়া ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার পর তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পেশকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাছির আহমদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের কনস্টেবল হিসেবে সর্বশেষ লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন এবং গত বছরের ১ আগস্ট অবসরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাছির আহমদ সপরিবারে লক্ষ্মীপুর শহরের পেশকার বাড়ির একটি ভাড়া বাসায় থাকতেন। অবসরে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। সকালে হঠাৎ করে তিনি দা দিয়ে তার ছেলে ইমরান হোসেনকে (২১) কোপাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে ছেলে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে নাছির দা হাতে তাকে তাড়া দেন। এসময় মিজানুর রহমান ও নাসির আহমদ নামে দুই প্রতিবেশী তাকে থামাতে গেলে নাছির তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন।

হামলা শেষে নাছির আহমদ দা হাতেই ওই তিনতলা ভবনের ছাদে উঠে নিচে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য মারা গেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি নাছির আহমদ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর