ঘরোয়া ক্রিকেটের অন্যতম অভিজাত আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দীর্ঘ আড়াই বছর পর পুনরায় মাঠে ফিরতে যাচ্ছে। আগামী ২১ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে চার দিনের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ বিসিএল অনুষ্ঠিত হওয়ার পর এটিই দীর্ঘ ফরম্যাটে ক্রিকেটারদের বড় পরীক্ষা।
এবারের আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো একযোগে অনুষ্ঠিত হবে সিলেটের দুটি ভেন্যুতে। একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। অন্যদিকে, স্টেডিয়ামের মূল মাঠে সেন্ট্রাল জোনের বিপক্ষে লড়বে ইস্ট জোন। ম্যাচগুলো চলবে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত।
এই টুর্নামেন্টের মাধ্যমে আবারও দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ফিরছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো তারকারা। গত বছরের জাতীয় ক্রিকেট লিগের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যস্ত থাকলেও চার দিনের ক্রিকেটে নামা হয়নি তাদের। এবারের আসরে সেন্ট্রাল জোনের হয়ে মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন এবং সাউথ জোনের জার্সিতে দেখা যাবে বিজয়কে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ও নবীন ক্রিকেটাররা। সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মার্শাল আইয়ুব। এছাড়া ইস্ট জোনের মুমিনুল হক, সাউথ জোনের মোহাম্মদ মিঠুন এবং নর্থ জোনের নেতৃত্বে থাকছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ থাকায় জাতীয় দলের সাদা বলের নিয়মিত ক্রিকেটাররা প্রথম রাউন্ডে অংশ নিতে পারছেন না।
ইতোমধ্যেই দলগুলো তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, ইবাদত হোসেন ও তাইজুল ইসলামদের উপস্থিতিতে টুর্নামেন্টটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছে বিসিবি।
মানবকণ্ঠ/আরআই




Comments