অবশেষে থামলেন রুবেল হোসেন। দীর্ঘদিনের পথচলা শেষে আন্তর্জাতিক ক্রিকেটের রঙিন পোশাক তুলে রাখার চূড়ান্ত ঘোষণা দিলেন জাতীয় দলের এই অভিজ্ঞ পেসার। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান তিনি। তবে এখনই মাঠ ছাড়ছেন না তিনি; ঘরোয়া আসরের ক্রিকেটে লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
ফেসবুক পোস্টে রুবেল হোসেন লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
জাতীয় দল থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে আমার।’
বিদায়বেলায় নিজের দীর্ঘ ক্যারিয়ারের সহযাত্রী পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও অগণিত ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন রুবেল। তিনি বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন—এটা আমার বিশ্বাস। সবার প্রতি অনেক ভালোবাসা।’
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রুবেল হোসেন দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন। বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার বিধ্বংসী বোলিংয়ের মাধ্যমে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার বীরত্বগাথা ক্রিকেটেপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ঘরোয়া ক্রিকেটে তার গতির ঝড় দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা।
মানবকণ্ঠ/আরআই




Comments