আক্রমণ-পাল্টা আক্রমণের রোমাঞ্চকর কোনো লড়াই নয়, ফুটবলশৈলীর নিপুণ প্রদর্শনীর কোনো ম্যাচও নয়-দুই দলই খেলল নিজেদের জাল আগলে রেখে এরপর সুযোগ তৈরির চেষ্টায়।
তবে খেলা যেমনই হোক, দিন শেষে উৎসব-উচ্ছ্বাসেই ভাসল এমিরেটস স্টেডিয়াম। বুকায়ো সাকার ট্যাপ-ইন গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথম লেগ ১-১ সমতায় থাকায় দুই লেগ মিলিয়ে গানারদের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। নিজেদের ইতিহাসে এর আগে শুধু ২০০৬ সালেই ফাইনালে খেলেছিল ইংলিশ ক্লাবটি।
নর্থ লন্ডনে আতলেতিকোর মুখোমুখি হওয়ার আগেই মানসিকভাবে এগিয়ে ছিল আর্সেনাল। চলতি মৌসুমে লিগ পর্ব থেকে শুরু করে একটি ম্যাচও হারেনি মিকেল আরতেতার দলটি। এমনকি নিজেদের মাঠে খেলা তিন ম্যাচের কোনোটিতে গোলও হজম করেনি।




Comments