Image description

সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুললেন লিটন কুমার দাস। চাপের মুখে দাঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করে দলকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতেই পাকিস্তানি বোলারদের তোপে মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে স্বাগতিকরা। এরপরই শুরু হয় লিটন দাসের প্রতিরোধের গল্প।

টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে লিটন ম্যারাথন ব্যাটিং শুরু করেন। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের পর বর্তমানে শরিফুল ইসলামকে নিয়ে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়েছেন তিনি। লিটন ১৩৭ বলে ১১০ রান করে অপরাজিত রয়েছেন, যার মধ্যে ছিল ১৩টি চারের মার ও ২টি দৃষ্টিনন্দন ছক্কা। পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৫৪ রান। লিটনের সাথে ক্রিজে ৫ রানে অপরাজিত আছেন শরিফুল ইসলাম। এর আগে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ লিটনকে সঙ্গ দিয়ে দলের স্কোর বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন খুররাম শাহজাদ। তিনি ৮১ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এছাড়া সাজিদ খান নেন ১টি উইকেট।

মানবকণ্ঠ/ডিআর