Image description

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে ভর করে বিশাল সংগ্রহের স্বপ্ন দেখছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (১৭ মে) দিনের শুরুটা আগের দিনের ১৫৬ রানের লিড নিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই করে বাংলাদেশ। যদিও দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন, তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিং দলকে এগিয়ে নেয়। জয় আক্রমণাত্মক মেজাজে খেলে ৬৪ বলে ৫২ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন। ফিফটি পূর্ণ করার পরই অবশ্য তিনি বিদায় নেন। অন্যদিকে মুমিনুল হক থিতু হয়েও ৩০ রানের বেশি এগোতে পারেননি।

দলের হাল ধরেন দুই অভিজ্ঞ সেনানি মুশফিক ও লিটন। দুজনের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়েছে। লিটন দাস ফিফটির দোরগোড়ায় পৌঁছে ৪৮ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে মুশফিকুর রহিম ৩৯ রান নিয়ে ক্রিজে টিকে আছেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান করেছিল। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট হওয়ায় ৪৬ রানের লিড পায় টাইগাররা। সেই লিডের ওপর দাঁড়িয়ে বর্তমানে ২৪৯ রানের ব্যবধান পাকিস্তানকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। উইকেটের যে আচরণ, তাতে দ্বিতীয় সেশনে এই লিড তিনশ ছাড়িয়ে গেলে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে।

মানবকণ্ঠ/আরআই