Image description

তৃতীয় দিনের শেষ বেলায় পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শুরু করলেও রান করতে পারেনি। দুই ব্যাটসম্যান মাঠ ছেড়েছেন ০/০ স্কোরকার্ড রেখে। যার অর্থ, আজ ম্যাচের চতুর্থ দিনে নতুনভাবে ইনিংস শুরু করবে পাকিস্তান।

এই টেস্ট জিততে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের লক্ষ্য ৪৩৭ রান, যা করতে পারলে বিশ্ব রেকর্ডই হয়ে যাবে। প্রায় দেড় শ বছরের টেস্ট ইতিহাসে ৪১৮ রানের বেশি কোনো দল তাড়া করতে জিততে পারেনি। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৭ রান তাড়া করার কীর্তি আছে (২০১৫ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে)। আর বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ তাড়ার রেকর্ড ৩৯৫ (২০২১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের)।

বাংলাদেশ গতকাল দিন শুরু করেছিল ৩ উইকেটে ১১০ রান নিয়ে। শেষবেলায় অলআউট হওয়ার আগে শেষ ৭ উইকেটে যোগ করেছে ২৮০ রান। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মুশফিকুর রহিম ১৪তম সেঞ্চুরির ইনিংসে করেছেন ১৩৭ রান। তাঁর সঙ্গে পঞ্চম উইকেটে ১২৩ রানের জুটি গড়া লিটন খেলেছেন ৬৯ রানের ইনিংস।

পাকিস্তানের পক্ষে খুররম শেহজাদ ৪টি ও সাজিদ খান ৩টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০ (মুশফিক ১৩৭, লিটন ৬৯, মাহমুদুল ৫২, ; খুররম ৪/৮৬, সাজিদ ৩/১২৬)। পাকিস্তান: ২৩২ ও ০/০।