মুশফিকুর রহিমকে টপকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের আসনে বসলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয়ের পর সাফল্যের এই শিখরে পৌঁছান তিনি। পরিসংখ্যানের বিচারে এখন শান্তই টাইগারদের টেস্ট ইতিহাসের সেরা দলনেতা।
তথ্য বলছে, অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত ১৮টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় এসেছে ৮টিতে, হার ৯টি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছিলেন ৭টিতে। অর্থাৎ, মুশফিকের চেয়ে ১৬টি ম্যাচ কম নেতৃত্ব দিয়েই তাকে ছাড়িয়ে গিয়েছেন শান্ত।
শুধুমাত্র জয়ের সংখ্যায় নয়, ঘরের মাঠে টেস্ট জয়ের রেকর্ডেও মুশফিককে পেছনে ফেলেছেন শান্ত। শান্তর অধীনে দেশের মাটিতে বাংলাদেশ জিতেছে ৬টি টেস্ট, যেখানে মুশফিকের অধীনে জয় এসেছিল ৫টিতে।
সাফল্যের এই তালিকায় শান্ত ও মুশফিকের পরেই রয়েছেন সাকিব আল হাসান। সাকিবের নেতৃত্বে ১৯ টেস্ট খেলে ৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তালিকায় চতুর্থ স্থানে থাকা মোমিনুল হকের অধীনে ১৭ টেস্টে ৩টি জয় পেয়েছে টাইগাররা। এছাড়া ১টি করে টেস্ট জয়ে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব রয়েছে হাবিবুল বাশার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও মাশরাফি বিন মর্তুজার।
উল্লেখ্য, নাজমুল হোসেন শান্তর অধীনে বাংলাদেশ দল এখন টেস্ট ক্রিকেটে অনেক বেশি লড়াকু মানসিকতা দেখাচ্ছে। বিদেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠেও সেই দাপট বজায় রাখা শান্তর অধিনায়কত্বে নতুন এক যুগের ইঙ্গিত দিচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments