আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে মিশর। এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার ‘বি’ দলের তরুণ স্ট্রাইকার হামজা আবদেলকরিম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ পাচ্ছেন এই উদীয়মান তারকা।
হামজা ছাড়াও প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মোস্তফা জিকো ও আকতায় আবদুল্লাহ। তবে মিশরের আক্রমণভাগের মূল ভরসা হিসেবে যথারীতি থাকছেন দলের প্রধান দুই সেনানি মোহামেদ সালাহ ও ওমর মারমুশ। এছাড়া ঘরোয়া লিগে জামালেকের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক এল মাহদি সোলিমান।
এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে লড়বে মিশর। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। আগামী ১৬ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সালাহর দল। এরপর তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইরানের। মূল আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে ফুটবলের পাওয়ারহাউজ ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে তারা।
মিশরের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: মোহামেদ এল শেনাউই, মোস্তফা শোবেইর, এল-মাহদি সোলিমান ও মোহামেদ আলা।
ডিফেন্ডার: মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাত্তাহ, মোহামেদ আবদেলমোনেম ও করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, সৈয়দ জিকো, ইমাম আশুর, মাহমুদ ত্রেজেগুয়েট, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল ও হাইসাম হাসান।
স্ট্রাইকার: ওমর মারমুশ, আকতায় আবদাল্লাহ, হামজা আবদেলকরিম ও মোহামেদ সালাহ।
মানবকণ্ঠ/আরআই




Comments