২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে দল গোছাতে ব্যস্ত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সম্প্রতি তাঁর ঘোষিত প্রাথমিক তালিকায় পাওলো দিবালার মতো বড় তারকার নাম না থাকা ফুটবল বিশ্বে বড় চমক হিসেবে দেখা দিয়েছে। কেন এই ফরোয়ার্ডকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন আলবিসেলেস্তা বস।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ডি-স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি জানান, দিবালাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি তাঁর জন্য মোটেও সহজ ছিল না। কোচ বলেন, ‘পাওলো কত বড় মাপের খেলোয়াড় তা নতুন করে বলার কিছু নেই। ও রোমার হয়ে দুর্দান্ত পারফর্ম করে দলকে চ্যাম্পিয়নস লিগে তুলে দিয়েছে। কিন্তু আমাদের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের কথাও ভাবতে হবে। নিকো পাজ বা এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো নতুন তরুণেরা উঠে আসছে, যারা দীর্ঘমেয়াদে দলে অবদান রাখতে পারবে। পাশাপাশি পজিশনাল লড়াইয়েও কয়েকজন নিজেদের থিতু করে নিয়েছে।’
৩২ বছর বয়সী দিবালার জাতীয় দলের হয়ে অনিয়মিত থাকাও তাঁর বাদ পড়ার অন্যতম কারণ। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে আলবিসেলেস্তেদের জার্সিতে তাঁকে খুব একটা দেখা যায়নি। ইনজুরির কারণে গত মৌসুমের একটি বড় অংশ মাঠের বাইরে কাটিয়েছেন তিনি।
স্কালোনি আরও যোগ করেন, ‘আমরা পাওলোকে ভালোবাসি, মানুষ হিসেবেও ও অসাধারণ। কিন্তু ফুটবল চলে প্রতিদিনের পারফরম্যান্স আর পরিস্থিতির ওপর ভিত্তি করে। আমাদের দলে এখন এমন কিছু খেলোয়াড় আছে যারা সুযোগ পাওয়ার যোগ্য। তাই কঠিন হলেও আমাদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
উল্লেখ্য, মে মাসের মাঝামাঝি সময়ে স্কালোনি যখন প্রাথমিক তালিকা চূড়ান্ত করেন, ঠিক তার আগমুহূর্তে দিবালা ছন্দে ফিরলেও কোচের সিদ্ধান্ত বদলানোর মতো পর্যাপ্ত সময় তখন আর হাতে ছিল না। ফলে কপাল পুড়ল কাতার বিশ্বকাপজয়ী এই তারকার।
মানবকণ্ঠ/আরআই




Comments