Image description

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে নেপালের মুখোমুখি হওয়ার আগে বড় ধরণের ধাক্কা খেল বাংলাদেশ দল। মাঠের লড়াইয়ের প্রস্তুতির মধ্যেই শোকের সংবাদ এলো বাংলাদেশ শিবিরে। আজ মঙ্গলবার (২ জুন) ভোরে না ফেরার দেশে চলে গেছেন দলের সিনিয়র ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম।

সতীর্থের এই কঠিন সময়ে তার পাশে দাঁড়াতে এবং শোক প্রকাশ করতে আজকের নির্ধারিত সকালের অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ দলের কোচ ও টিম ম্যানেজমেন্ট।

ভারতের গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে আজ সকাল ৭টা থেকে সাবিনা-মারিয়াদের অনুশীলনের কথা ছিল। তবে ভোরবেলা শিউলির মায়ের মৃত্যুর খবরটি আসার পর অনুশীলনের চেয়ে শোকাতপ্ত সতীর্থের পাশে থাকাকেই বেশি গুরুত্ব দেয় পুরো দল।

পারিবারিক সূত্র জানায়, শিউলি আজিমের মা বাসনা আজিম দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। প্রিয় সতীর্থের মায়ের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আগামীকাল বুধবার (৩ জুন) ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন শোকাবহ পরিস্থিতির মধ্য দিয়ে দল কীভাবে নিজেদের গুছিয়ে নিয়ে কালকের ম্যাচে মাঠে নামে, সেটিই এখন দেখার বিষয়।

মানবকণ্ঠ/ডিআর