Image description

বিশ্বসংগীতের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর অফিশিয়াল অ্যালবামে একজন অফিশিয়াল শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেও লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছেন এই সংগীতশিল্পী। 

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সঞ্জয় নিজেই এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। 

নিজের দীর্ঘ সংগীতযাত্রার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে সঞ্জয় জানান, দুটি ভিন্ন সংস্কৃতির মাঝে বড় হওয়া এবং বিশ্বমঞ্চে নিজের সংগীতকে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন তিনি দেখতেন, আজ তা সত্যি হতে চলেছে। এই অর্জনকে কেবল নিজের একক সাফল্য হিসেবে দেখছেন না তিনি; বরং একে দেখছেন সেইসব তরুণ স্বপ্নবাজদের অনুপ্রেরণা হিসেবে-যারা সমস্ত সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের বড় লক্ষ্যগুলো ছুঁতে লড়াই করে যাচ্ছেন। 

এই অফিশিয়াল অ্যালবামে ভক্তরা খুব শিগগিরই শুনতে পাবেন সঞ্জয়ের নতুন গান ‘সির সির’। গানটিতে তার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম। 

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামটি হতে যাচ্ছে বিশ্বসংগীতের এক মহোৎসব। এই অ্যালবামে সঞ্জয় ছাড়াও থাকছেন দ্য রোলিং স্টোনস, শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় এবং রেমার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পারফর্মারদের একটি তালিকা ইতোমধ্যেই চূড়ান্ত করেছে ফিফা। তিন আয়োজক দেশজুড়ে হতে যাওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসেরা তারকা কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্ক-এর জনপ্রিয় সদস্য লিসার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়। 

উল্লেখ্য, শ্রীমঙ্গলে জন্ম নেওয়া এবং পরবর্তীতে চট্টগ্রামে বেড়ে ওঠা সংগীতশিল্পী ও ‍ডিজে সঞ্জয় ক্যারিয়ারের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিজের অনন্য মিউজিকাল আইডেন্টিটি বা সংগীতের ধরন গড়ে ওঠার পেছনে তিনি সবসময়ই তার এই বহুসাংস্কৃতিক জীবনকে কৃতিত্ব দিয়ে এসেছেন। মূলত সংগীতের এই ধারাটি তার পারিবারিক ঐতিহ্যেই মিশে আছে।