বিশ্বকাপের উন্মাদনা শুরুর ঠিক আগমুহূর্তে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছেন। এই শহরটিতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বেস ক্যাম্প অবস্থিত হওয়ায় আন্তর্জাতিক ফুটবল দলগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
কানসাস সিটি পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বর্তমানে কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ইংল্যান্ড দলের জন্য নির্ধারিত বেস ক্যাম্প ‘সোয়োপ সকার ভিলেজ’ এই ঘটনাস্থলের খুব কাছেই অবস্থিত। ইংল্যান্ড দল এখনও সেখানে না পৌঁছালেও (বর্তমানে ফ্লোরিডার অরল্যান্ডোতে অবস্থান করছে) এই সহিংসতা দলটির কর্মকর্তাদের মধ্যে চিন্তার ভাঁজ ফেলেছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি দীর্ঘস্থায়ী সমস্যা। গত এক বছরে দেশটিতে শতাধিক বড় ধরনের গোলাগুলির ঘটনা রেকর্ড করা হয়েছে। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগমুহূর্তে অংশগ্রহণকারী দলগুলোর বেস ক্যাম্পের আশেপাশে এমন ঘটনা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার দাবিকে আরও জোরালো করেছে। যদিও ফুটবল অ্যাসোসিয়েশন বা আয়োজক কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে তারা কাজ করছেন এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments