Image description

ম্যাচের ভাগ্য গড়ে দিতে সময় লাগল মাত্র ৬৪ সেকেন্ড। খেলার শুরুতেই করা সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায় নিশ্চিত করে দিল। ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষে একাধিক সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে ব্যর্থ হয়ে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তুর্কিরা।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্তব্ধ হয়ে যায় তুরস্কের সমর্থকরা। কিক-অফের মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় দুর্দান্ত এক গোলে প্যারাগুয়েকে লিড এনে দেন মাতিয়াস গালারজা। দ্রুত গোল হজম করে শুরুতেই চাপে পড়ে যায় তুরস্ক।

প্রথমার্ধ জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও বল দখলে বেশ এগিয়ে ছিল তুরস্ক। তবে প্যারাগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। ম্যাচের মোড় ঘুরে যাওয়ার উপক্রম হয়েছিল প্রথমার্ধের যোগ করা সময়ে। তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী ভিএআর (VAR) পর্যালোচনার পর আলমিরনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন রেফারি।

দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে খেলেও প্যারাগুয়ের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি তুরস্ক। ১০ জনে নেমে যাওয়া প্যারাগুয়ে অত্যন্ত সুসংগঠিত রক্ষণের মাধ্যমে তুরস্কের একের পর এক আক্রমণ নসাৎ করে দেয়। শেষ পর্যন্ত সেই দ্রুত পাওয়া একমাত্র গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

টানা দুই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ যাত্রা শেষ হলো তুরস্কের। অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ জয়ে নকআউট পর্বের আশা প্রবলভাবে টিকিয়ে রাখল লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে।

মানবকণ্ঠ/ডিআর