বিশ্বকাপের শুরুতেই পর্তুগাল শিবিরে বইছে অস্থিরতার হাওয়া। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর যেন ‘গৃহযুদ্ধ’ শুরু হয়েছে পর্তুগিজ ড্রেসিংরুমে। সেই ম্যাচে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বইছে। এর মধ্যেই রোনালদোকে নিয়ে সতীর্থ ফ্রান্সিসকো কোনসেসাওয়ের এক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এক সংবাদ সম্মেলনে কোনসেসাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠে রোনালদোকে বল পাস দিতে তারা কোনোভাবেই বাধ্য নন। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, দলের সবাই রোনালদোকে পাস দিতে বাধ্য কি না। জবাবে এই উইঙ্গার বলেন, "না, রোনালদোর গোল করার সামর্থ্য রয়েছে, তার মতো আর কেউ নেই। তবে আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তাকেই বল পাস দিতে হবে। মাঠে আমরা তাকেই পাস দেবো যে খালি জায়গায় থাকবে।"
ম্যাচের উত্তেজনাকর মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে কোনসেসাও আরও যোগ করেন, "ম্যাচের ওই মুহূর্তে আমার মাথায় থাকে না যে সামনে কে আছে। আমরা পরিস্থিতির দাবি অনুযায়ী পাস দেই। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মাত্র মিলিসেকেন্ড সময় পাই। ক্রিশ্চিয়ানো এখানে অন্যান্য ফুটবলারদের মতোই দলকে সাহায্য করতে এসেছে।"
পর্তুগাল দলে রোনালদোর প্রভাব নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে, তখন তরুণ সতীর্থের এমন মন্তব্যে দলের অভ্যন্তরীণ সংহতি নিয়ে প্রশ্ন উঠেছে। কঙ্গোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখে রয়েছে পর্তুগিজরা। তবে মাঠের লড়াইয়ের চেয়ে এখন ড্রেসিংরুমের এই ‘মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব’ সামলানোই পর্তুগাল কোচের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments