বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সেই ম্যাচে গোল করতে না পারায় দলটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বলেছিলেন, বয়সের ভারে আগের মতো গতি ও ধার আর নেই তার।
তবে সব সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেন রোনালদো। তার দুর্দান্ত পারফরম্যান্সে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে পর্তুগাল। একই সঙ্গে জোড়া গোলের মাধ্যমে একাধিক ঐতিহাসিক রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
রোনালদোর গড়া ৬টি রেকর্ড
১. ছয় বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন আসরে গোল করার নজির গড়েছেন রোনালদো। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—প্রতিটি বিশ্বকাপেই গোলের দেখা পেয়েছেন তিনি। এ ক্ষেত্রে পাঁচটি বিশ্বকাপে গোল করা লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন পর্তুগিজ অধিনায়ক।
২. ১১টি বড় টুর্নামেন্টে গোল
বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১১টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার কীর্তি গড়েছেন রোনালদো। এর আগে থেকেই রেকর্ডটির মালিক ছিলেন তিনি। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করেছেন। ইউরোপীয় ফুটবলারদের মধ্যে এই অর্জন এখনো অপ্রতিদ্বন্দ্বী।
৩. বিশ্বকাপের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা
৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হয়েছেন রোনালদো। তার চেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড রয়েছে কেবল ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার, যিনি ৪২ বছর ৩৯ দিন বয়সে বিশ্বকাপে গোল করেছিলেন। তবে ইউরোপীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে বড় টুর্নামেন্টে গোল করার রেকর্ড এখন রোনালদোর দখলে।
৪. ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা
নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন রোনালদো। বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে এখন এককভাবে সর্বোচ্চ ১০ গোলের মালিক তিনি। এই কীর্তি গড়তে তার খেলতে হয়েছে ২৪টি ম্যাচ। এর আগে ২০০৬ সালে ১টি, ২০১০ সালে ১টি, ২০১৪ সালে ১টি, ২০১৮ সালে ৪টি এবং ২০২২ সালে ১টি গোল করেছিলেন তিনি।
৫. বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল
বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার রেকর্ডও এখন রোনালদোর। এর আগে এই কীর্তি ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দখলে। মেসি ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে জোড়া গোল করেছিলেন। রোনালদো ৪১ বছর ১৩৮ দিন বয়সে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন।
৬. দেশের সবচেয়ে কম ও বেশি বয়সী বিশ্বকাপ গোলদাতা
বিশ্বকাপে পর্তুগালের হয়ে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে বেশি বয়সে গোল করার বিরল কীর্তিও এখন রোনালদোর। এর আগে এই সম্মান ছিল কেবল ডেনমার্কের মাইকেল লাউড্রপ ও আর্জেন্টিনার লিওনেল মেসির। রোনালদো তার প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন ২০০৬ সালে ইরানের বিপক্ষে, তখন তার বয়স ছিল ২১ বছর ১৩২ দিন। আর ২০২৬ বিশ্বকাপে ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে নিজের নাম লিখিয়েছেন আরেকটি অনন্য রেকর্ডের পাতায়।
৪১ বছর বয়সেও রোনালদো যে ফুরিয়ে যাননি, উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে তার জোড়া গোলই তার সবচেয়ে বড় প্রমাণ। একের পর এক রেকর্ড গড়ে তিনি আবারও দেখিয়ে দিলেন, বিশ্ব ফুটবলের ইতিহাসে তার অবস্থান কতটা অনন্য।




Comments