প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের অভিষেক আসরেই ৩২ দলের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার এই দেশটি। ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হওয়া কেপ ভার্দের সামনে এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে গোল না হলেও উত্তেজনা আর নাটকীয়তায় কোনো কমতি ছিল না। ম্যাচের আগে কেপ ভার্দের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি, আর সৌদি আরবের জন্য এটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার শেষ লড়াই। শেষ পর্যন্ত সুশৃঙ্খল ফুটবল আর জমাট রক্ষণভাগের কল্যাণে কাঙ্ক্ষিত ড্র তুলে নিয়ে মাঠ ছাড়ে কেপ ভার্দে।
বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম পা রাখা কেপ ভার্দে শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং পরে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা ফিরিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা। শেষ ম্যাচে সৌদি আরবকে রুখে দিয়ে ৩ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করে তারা।
ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল সতর্ক। ১৮ মিনিটে সৌদি আরবের সুবর্ণ সুযোগ নষ্ট হয় ওয়াগনার পিনার দৃঢ় ব্লকে। ২২ মিনিটে কেপ ভার্দের উইলি সেমেদোর দুর্দান্ত এক শট রুখে দেন সৌদি গোলরক্ষক আল-ওয়াইস। ৩২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাকতি, যা তাদের রক্ষণে বড় ধাক্কা দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে সৌদি অধিনায়ক সালেম আল-দাওসারির আক্রমণ রুখে দিয়ে জাল অক্ষত রাখেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা।
দ্বিতীয়ার্ধেও সৌদি আরব গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ।
একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অ্যালেক্স বায়েনার গোলে জয়ের ফলে স্পেন শীর্ষে থাকলেও, টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে।
গ্রুপ রানার্সআপ হওয়ায় কেপ ভার্দের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। শেষ ৩২ দলের নকআউট পর্বে তাদের মোকাবিলা করতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে এই দুই দল। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়া কেপ ভার্দে এবার আর্জেন্টিনার বিপক্ষে বড় কোনো চমক দেখাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments