Image description

হ্যাটট্রিক নেই, কিন্তু প্রতিটি ম্যাচেই দ্যুতি ছড়াচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোলের ধারাবাহিকতায় এবার লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক। আর ফিফার টাইব্রেকার নিয়মে আর্জেন্টাইন জাদুকরকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে এখন সবার ওপরে এমবাপ্পে।

গ্রুপ পর্ব শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে এক গোল—সব মিলিয়ে ৬ গোল নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন তিনি। তবে নকআউট পর্বের শুরুতেই দৃশ্যপট বদলে দিলেন এমবাপ্পে।

রাউন্ড অব থার্টি-টু ম্যাচে সুইডেনের বিপক্ষে দুর্দান্ত এক জোড়া গোল করে ফ্রান্সকে শেষ ষোলোতে পৌঁছে দিয়েছেন এমবাপ্পে। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও দুটি করে গোল করেছিলেন তিনি। টানা তিন ম্যাচে জোড়া গোল করে চার ম্যাচ শেষে এমবাপ্পের মোট গোল এখন ৬টি।

মেসি ও এমবাপ্পে—দুজনের গোলসংখ্যা সমান হলেও ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্টের বিচারে এগিয়ে আছেন এমবাপ্পে। ফরাসি তারকার নামের পাশে রয়েছে দুটি অ্যাসিস্ট, যেখানে মেসির কোনো অ্যাসিস্ট নেই। ফলে আপাতত গোল্ডেন বুটের তালিকায় শীর্ষস্থানটি এমবাপ্পের দখলে।

এই শীর্ষস্থান ধরে রাখতে পারলে এমবাপ্পে গড়বেন এক অনন্য ইতিহাস। বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই আসরে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়বেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে এই পুরস্কার জিতেছিলেন তিনি।

তবে লড়াইটা এখানেই শেষ নয়। মেসির সামনে সুযোগ রয়েছে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব থার্টি-টুর ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার। অন্যদিকে ফ্রান্সের পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়ায় এমবাপ্পেও পাচ্ছেন বাড়তি ম্যাচ।

গোল্ডেন বুটের এই লড়াইয়ে কেবল মেসি-এমবাপ্পেই নন, পিছু পিছু ছুটছেন আরও তিন তারকা। ৪ ম্যাচে ৫ গোল করে তৃতীয় স্থানে আছেন নরওয়ের আর্লিং হলান্ড। এমবাপ্পের সতীর্থ উসমান দেম্বেলের গোল ৪টি, সঙ্গে আছে ২ টি অ্যাসিস্ট। আর ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ৪ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে টিকে আছেন লড়াইয়ে। শীর্ষ পাঁচ দাবিদারের দলই এখনো টুর্নামেন্টে টিকে থাকায় সামনের দিনগুলোতে এই লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।

মানবকণ্ঠ/ডিআর