ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলো নিশ্চিত করল স্বাগতিক মেক্সিকো। রাউন্ড অব থার্টি-টু-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বের দীর্ঘদিনের গেরো খুলল ‘এল ট্রি’রা। প্রথমার্ধের দুই গোলেই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
মেক্সিকো সিটি স্টেডিয়ামে (এস্তাদিও আসতেকা) ম্যাচটি শুরু হতে প্রায় এক ঘণ্টা দেরি হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে।তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া মেক্সিকান ফুটবলারদের উদ্দমে কোনো ভাটা ফেলতে পারেনি। ম্যাচের ২২ মিনিটেই উৎসবের উপলক্ষ এনে দেন জুলিয়ান কুইনোনেস। রবার্তো আলভারাডোর পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
ঠিক ৯ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমেনেজ। ৩১ মিনিটে কুইনোনেসের অ্যাসিস্ট থেকে গোল করে স্টেডিয়ামে উপস্থিত হাজারো মেক্সিকান সমর্থককে উল্লাসে ভাসান তিনি। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় ইকুয়েডর।
দ্বিতীয়ার্ধে ইকুয়েডর বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকলেও মেক্সিকোর রক্ষণভাগে তেমন কোনো চিড় ধরাতে পারেনি। উল্টো ম্যাচের শেষ মুহূর্তে উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ইকুয়েডরের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী পিয়েরো হিনকাপি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। এছাড়া ইকুয়েডরের অ্যালান ফ্রাঙ্কো, কেন্ড্রি পায়েজ এবং মোইসেস ক্যাইসেডো হলুদ কার্ড দেখেন।
এই জয়ের ফলে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে কোনো জয় পেল মেক্সিকো। শেষ ষোলোর লড়াইয়ে তারা মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর।
মানবকণ্ঠ/ডিআর




Comments