Image description

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর সেই ঐতিহাসিক জয়ের পর নরওয়ের ড্রেসিংরুমে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত, যেখানে ভবিষ্যৎ রানি রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রার কাছ থেকে অভিনন্দন ও আলিঙ্গন পেলেন তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

রোববার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে হারানোর পর নরওয়ের খেলোয়াড়দের অভিনন্দন জানাতে ড্রেসিংরুমে যান যুবরাজ হাকন ও যুবরানি মেটে-মারিয়েটের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জয়ের উচ্ছ্বাসে সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন শার্টলেস হালান্ড। এ সময় রাজকুমারীকে দেখে তিনি এগিয়ে যান এবং উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। পরে দুজনকে করমর্দন করতেও দেখা যায়।

রাজকুমারীর সঙ্গে ছিলেন তার ভাই প্রিন্স সভেরে ম্যাগনুস। তারা দুজনই নরওয়ের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হালান্ড বলেন, “হ্যাঁ, এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ঘটনাটি অবিশ্বাস্য। মাঝে মাঝে নিজেকেই চিমটি কেটে দেখতে হয়, সত্যিই কি এটা ঘটছে! এমনটা খুব কমই হয় যে আমি কথা খুঁজে পাই না, কিন্তু এখন ঠিক সেই অবস্থাতেই আছি।”

তিনি আরও বলেন, “আমি সবসময় নরওয়ের হয়ে বিশ্বকাপ খেলার এবং দলকে বিশ্বকাপে তোলার স্বপ্ন দেখেছি। কিন্তু ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠব, এমনটা কখনো কল্পনাও করিনি।”

ঐতিহাসিক এই জয়ের পর নরওয়ের ড্রেসিংরুমের আবেগঘন সেই মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।