Image description

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ে মুষড়ে পড়েছেন দলের প্রাণভোমরা নেইমার। জাতীয় দল থেকে তাঁর অবসরের ইঙ্গিত ঘিরে যখন ফুটবল বিশ্বে তোলপাড় চলছে, তখন এই তারকাকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে তাঁর ক্লাব সান্তোস। বিশ্বকাপের মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে নেইমারকে আপাতত কয়েক দিনের বিশেষ ছুটি দিয়েছে ব্রাজিলিয়ান এই ক্লাবটি।

সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নেইমার বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে ১০ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। ছুটি কাটিয়ে ফেরার পর সান্তোস কর্তৃপক্ষের সঙ্গে নেইমার ও তাঁর ম্যানেজমেন্ট দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই নির্ধারিত হবে ক্লাব ফুটবলে নেইমারের ভবিষ্যৎ পরিকল্পনা।

সান্তোসের প্রধান কোচ কুকা আগামী ১৬ জুলাই বোটাফোগোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেইমারকে ছাড়াই দল গোছানোর প্রস্তুতি শুরু করেছেন। উল্লেখ্য, সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে নেইমারের বাবা ছেলের ফুটবল ক্যারিয়ার নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘একজন বাবা হিসেবে তোমাকে অনুরোধ করছি, ফুটবল চালিয়ে যাও। পায়ের নিচে বল নিয়ে সেই আনন্দটা আবার খুঁজে নাও। মাঠে তোমার চেনা হাসিটা আমরা দেখতে চাই।’

উল্লেখ্য, নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে হেরে বিদায় নেওয়ার পর নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জোরালো ইঙ্গিত দিয়েছিলেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করলাম।’

৩৪ বছর বয়সী এই ফুটবল জাদুকর আসলেই বুট জোড়া তুলে রাখবেন নাকি আবারও মাঠে ফিরবেন, তা জানতে নেইমারের ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।

মানবকণ্ঠ/ডিআর