Image description

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আরও দুটি কীর্তিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

গিনেসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখার রেকর্ড এখন মেসির দখলে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে বিশ্বকাপে তার মোট অবদান ২১টি, যা এই আসরের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া টানা সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে এই অনন্য কীর্তির স্বীকৃতি পেয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অবস্থানও ধরে রেখেছেন তিনি।

বর্তমানে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১। তবে এই রেকর্ডে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার গোলসংখ্যা ১৯, আর টুর্নামেন্টে এখনও মেসির রেকর্ড স্পর্শ বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।