Image description

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের সহ-মালিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। দলটিতে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে কঠোর আইনগুলোর একটি রয়েছে শ্রীলঙ্কায়। প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট অনুযায়ী ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবং খেলাধুলার ফলাফল বা ঘটনা প্রভাবিত করার অন্যান্য সব ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। এই আইনে দোষী সাব্যস্ত হলে বড় অঙ্কের জরিমানা এবং দীর্ঘমেয়াদি কারাদণ্ডের বিধান রয়েছে।

বর্তমানে জাফনা কিংসের মালিক স্পোর্টস কমিউন নামের একটি ক্রীড়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ভারতীয় উদ্যোক্তা মনজোত কালরা ও ময়াঙ্ক গোয়েল। এলপিএলের ২০২৬ মৌসুম শুরুর আগে তারা ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেন।

মনজোত কালরা ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত সেঞ্চুরি করে ভারতকে শিরোপা জিততে সাহায্য করেছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ক্রীড়া ব্যবস্থাপনায় যুক্ত হন। অন্যদিকে ময়াঙ্ক গোয়েল সফটসিকিউর ইনফোটেক এবং শ্রী ধ্যান ইন্স্যুরেন্স ব্রোকার্স-এর প্রতিষ্ঠাতা।


এর আগে ২০২০ সালে জাফনা স্ট্যালিয়ন্স নামে এলপিএলে যাত্রা শুরু করে দলটি। পরে লাইকা গ্রুপের মালিকানায় এর নাম পরিবর্তন করে রাখা হয় জাফনা কিংস। তবে ২০২৫ সালের এপ্রিলে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার অভিযোগে লাইকা গ্রুপের মালিকানা বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

উল্লেখ্য, লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর শুক্রবার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। তিন সপ্তাহব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। স্থানীয় তারকাদের পাশাপাশি খেলবেন বিদেশি ক্রিকেটাররাও।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে সংগীত পরিবেশনা, দলগুলোর পরিচয়পর্ব, ট্রফি উন্মোচন এবং ৫০০টি ড্রোনের লাইট শো। বিকেল ৫টায় দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং মৌসুমের প্রথম ম্যাচ শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের এলপিএল। সেখানে পাঁচটি দল শিরোপার জন্য লড়বে।
মানবকণ্ঠ/এমআর