ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেনকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে, লিওনেল মেসিকে পুরোপুরি থামানো প্রায় অসম্ভব। তাই মেসিকে নিয়েই বেশি ভাবার পরিবর্তে স্পেনের উচিত নিজেদের পরিকল্পনা ও স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া।
রোববার (১৯ জুলাই) বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটির আগে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পার্তিদাস্তো দে কোপে-কে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, মেসিকে আটকানোর চেষ্টা করার চেয়ে স্পেনের উচিত নিজেদের কৌশল কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে চাপে রাখা এবং তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগানো।
তিনি বলেন, “মেসিকে পুরোপুরি থামানো অসম্ভব। আমাদের এমনভাবে খেলতে হবে, যাতে আর্জেন্টিনাকে চাপে ফেলা যায় এবং নিজেদের সুযোগগুলো কাজে লাগানো যায়।”
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মেসির প্রশংসা করে ইনিয়েস্তা বলেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলেও আর্জেন্টাইন অধিনায়ক যে মানের ফুটবল উপহার দিচ্ছেন, তা অসাধারণ। তার ভাষায়, “মেসিকে বর্ণনা করার মতো ভাষা নেই। প্রতিটি ম্যাচে তার নিবেদন ও পারফরম্যান্স শুধু প্রশংসার দাবিদার।”
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত অপরাজিত থেকে সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে। অন্যদিকে, মেসির ৮ গোল ও ৪ অ্যাসিস্টে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
স্পেনের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়ে ইনিয়েস্তা বলেন, ভয় নিয়ে মাঠে নামার কোনো সুযোগ নেই। তার মতে, বিশ্বকাপজুড়ে স্পেন ধারাবাহিকভাবে নিজেদের উন্নতি করেছে এবং প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব সম্পর্কে ভালোভাবেই জানে।
ফাইনালে কে জয়সূচক গোল করবেন— এমন প্রশ্নে ইনিয়েস্তার উত্তর, গোলদাতা নয়, দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “গোলটি কে করল, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমাদের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা।”




Comments