ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শুরুর আগে অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের শান্ত করার আপ্রাণ চেষ্টা করছেন। ড্রেসিংরুমে কোনো একটি ‘অপ্রত্যাশিত’ ঘটনার ইঙ্গিত পাওয়া গেলেও বিষয়টি এখনো রহস্যে ঘেরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে মেসিকে বেশ গম্ভীরভাবে সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘চলো সবাই, শান্ত থাকো। সবাই শান্ত হও। এখন শুধু খেলাটার কথাই ভাবো। যা-ই হোক, সব ভুলে যাও। শুধু খেলায় মন দাও।’
মেসির এই আবেগঘন ও নির্দেশনামূলক বক্তব্যের পর ফুটবল সমর্থকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের দাবি, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে নিশ্চয়ই অস্বাভাবিক কোনো কিছু ঘটেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক পর্যবেক্ষণ করেছেন যে, স্টেডিয়ামে পৌঁছানোর সময় খেলোয়াড়দের মুখে হাসি থাকলেও মাঠে নামার আগমুহূর্তে তাদের অভিব্যক্তি পুরোপুরি বদলে যায়।
অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দেখে মনে হচ্ছিল তিনি প্রায় কান্নায় ভেঙে পড়বেন। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের চোখেমুখে ছিল গভীর বিষণ্নতার ছাপ। আরও কয়েকজন খেলোয়াড়কেও অস্বাভাবিকভাবে উদ্বিগ্ন ও বিমর্ষ দেখাচ্ছিল।
এসব দৃশ্যপটকে ঘিরে নেটিজেনদের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা, মাঠের বাইরের কোনো চাপ বা অভ্যন্তরীণ কোনো ঘটনা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। যদিও এসব দাবির পক্ষে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আনুষ্ঠানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপকে ঘিরে বিতর্ক কম হয়নি। উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কট এবং ফাইনাল হারের পর রদ্রিগো ডি পলের কড়া জবাব দেওয়ার মতো ঘটনাগুলো আগে থেকেই ফুটবল অঙ্গনকে উত্তপ্ত করে রেখেছিল। তার মধ্যেই মেসির এই ড্রেসিংরুম ভিডিও নতুন করে রহস্যের জন্ম দিল।
মানবকণ্ঠ/ডিআর




Comments