Image description

ইয়ান দিয়োমান্দে রিয়াল মাদ্রিদে পাড়ি দিচ্ছেন—গত কয়েক দিন ধরে ফুটবল বিশ্বে এটিই ছিল সবচেয়ে আলোচিত খবর। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আইভরিয়ান এই তারকার সঙ্গে সাত বছরের দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্টরা। এই দলবদলের জন্য লাইপজিগকে প্রায় ১৪০ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।

এই ট্রান্সফারের মাধ্যমে দিয়োমান্দে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল জুদ বেলিংহ্যামের দখলে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই ইংলিশ মিডফিল্ডারকে কিনতে রিয়ালের খরচ হয়েছিল প্রায় ১৩৪ মিলিয়ন ইউরো। এখন দিয়োমান্দে সেই অঙ্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন।

নতুন কোচ জোসে মরিনহোর অধীনে এটি রিয়াল মাদ্রিদের ষষ্ঠ গ্রীষ্মকালীন সাইনিং। দিয়োমান্দের আগে ক্লাবটি বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া এবং কার্লোস এসপিকে তাদের স্কোয়াডে যুক্ত করেছে।

২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগার বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দিয়োমান্দে। সেই মৌসুমে তিনি লিগে ১২টি গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে আইভরি কোস্টে জন্ম নেওয়া দিয়োমান্দে প্রথমে যুক্তরাষ্ট্রের একটি ফুটবল একাডেমিতে যোগ দেন। এরপর ২০২৫ সালে স্প্যানিশ ক্লাব লেগানেসে খেলতে যান এবং একই বছরের শেষ দিকে আরবি লাইপজিগে যোগ দেন।

রিয়ালে যোগ দেওয়া প্রসঙ্গে দিয়োমান্দে বলেন, ‘রিয়াল মাদ্রিদে আসা আমার শৈশবের স্বপ্ন পূরণ হওয়ার মতো। আমার বর্তমান চুক্তি থাকা সত্ত্বেও এই স্থানান্তর সম্ভব করে দেওয়ার জন্য আরবি লাইপজিগ কর্তৃপক্ষের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’ অন্যদিকে ক্লাব ছাড়ার সময় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য কৃতজ্ঞতা। কে জানে, হয়তো একদিন আবার চ্যাম্পিয়ন্স লিগে দেখা হবে।’

মানবকণ্ঠ/ডিআর